‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে রামরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রামরাইল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভি ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের অধীনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ব্রাহ্মণবাড়িয়া সদরের সদস্য ও রাজনীতিবিদ আবুল কাসেম হাজারীর সভাপতিত্বে এবং পিএফজি কো-অর্ডিনেটর নীহার রঞ্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর এস এম শাহীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন দারু মাস্টার, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, বাবলু চৌধুরী, রাজনীতিবিদ জেনহারুল ইসলাম লিটন, খতিব মোহাম্মদ ইসহাক, পিএফজি সদস্য প্রদীপ বল্লভ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম ঝুটন, ওয়াইপিএজি’র কো-অর্ডিনেটর ফাহিম মুনতাসীর, নারী উদ্যোক্তা সজল রাণী দেবীসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে একসাথে কাজ করতে হবে। বর্তমান বাংলাদেশে যে অস্থিরতা চলছে তা নিরসনে মাঠ পর্যায় থেকে কাজ শুরু করতে হবে। নিজ ধর্মে যে সম্প্রীতির বাণী রয়েছে প্রত্যেককে তা প্রচার করতে হবে; রাজনীতিকে সংঘাত থেকে বের করে আনতে হবে। রাজনীতিবিদদেরকে ২৪’র গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে যে, জাতি আর কোনো সংঘাত ও সহিংসতা দেখতে চায় না।

সমাবেশ শেষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সম্প্রীতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

