‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নওগাঁর ধামইরহাটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভি ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের আওতায় ধামইরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি এই সংলাপের আয়োজন করে।

ধামইরহাট প্রেসক্লাব ভবনের হলরুমে অনুষ্ঠিত উক্ত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী চপল। পিএফজি সদস্য সাংবাদিক মুমিনুল ইসলামের সঞ্চালনায় আন্তঃধর্মীয় সংলাপে ঘোষণাপত্র পাঠ করেন ধামইরহাট পিএফজি’র কো-অর্ডিনেটর ও প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু।
আলোচকরা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা ঐতিহ্যগতভাবেই বিদ্যমান। এ বন্ধন আর শক্তিশালী করতে হবে। কারও চক্রান্তে পা না দিয়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখার তাগিদ দেন আলোচকরা।
সংলাপের শুরুতেই দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস প্রকল্প সম্পর্কে অতিথিদের অবহিত করেন এ প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড.নাজমুন নাহার নুর। বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাম্পাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য, জেলা সমন্বয়ক সুকমল মন্ডল, উপজেলা বিএনপি নেতা মোঃ হানজালা, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি সহিদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আইয়ুব হোসেন, যুবলীগের সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, জাতীয় পার্টির সভাপতি দেওয়ান মোঃ আব্দুল হান্নান, এস আই হাবীবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সাফিউজ্জামান, সমাজসেবা অফিসারের প্রতিনিধি ফজলুর রহমান, পিএফজির অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ মন্ডল।
ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্দুর রউফ, বেনিদুয়ার মিশনের ফাদার মাইকেল কোড়াইয়া, পুরোহিত ঠাকুর কুমার প্রশান্ত প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাথী রাণী, আদিবাসী নেতা প্রভাষক এসসি আলবার্ট সরেন, জেলা বিএনপির সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপি নেত্রী শাহিনা খাতুন, পৌর ছাত্রদল আহবায়ক আবু সাইদ, বাসদ ধামইরহাট থানা সভাপতি দেবলাল টুডু এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

