ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘‌সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের সহায়তায় ২০মার্চ ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদরের পিস অ্যাম্বাসেডর এবিএম মোমিনুল হক এর সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর এসএম শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

পিএফজি’র কার্যক্রম  এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা হলেন জাতির বিবেক। তাঁরা নানা ঝুঁকি সত্ত্বেও অন্যায়, দুর্নীতি, বৈষম্যের বিষয়গুলো জনসম্মুখে নিয়ে আসেন। এরফলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। গণমাধ্যমকর্মীরা একটি দায়িত্বশীল সমাজ গঠনে পর্দার অন্তরালের নায়কের ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও অনবদ্য ঘটনা, সফলতার কাহিনি, মহৎ উদ্যোগকেও সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন বলে বক্তব্যে উল্লেখ করেন রিপন আচার্য। তিনি আরও বলেন, এমআইপিএস প্রকল্প সংঘর্ষ দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আর এতে গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা।  

সভায় পিএফজির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি –সম্প্রীতি রক্ষায় ভবিষ্যৎ করণীয় নিয়ে সাংবাদিকদের সাথে প্রাণবন্ত আলোচনা হয়। সাংবাদিকরা রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

মতবিনিমিয় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো: আরজু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, বিটিজেএ’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।