মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২৪’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিগত বছরগুলোতে দি হাঙ্গার প্রজেক্ট এর নারীনেত্রীগণ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা পুরস্কারে ভূষিত হয়ে আসছেন। এই বছর চারটি ক্যাটাগরিতে ১১ জন নারীনেত্রী জয়িতা পুরস্কারে সম্মাননা পেয়েছেন।

‘শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জনকারী যে নারী’ এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রী হলেন আফরোজা আক্তার বানু (কাজীপুর ইউনিয়ন, গাংনী উপজেলা, মেহেরপুর)।
‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রীগণ হলেন: নারীনেত্রী আফিয়া আফরোজ (রহমতপুর ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল), নারীনেত্রী শারমিন জান্নাত ফেন্সি (কোনাখালী ইউনিয়ন, চকরিয়া উপজেলা, কক্সবাজার), নারীনেত্রী ভাবিরন নেছা (কাথুলি ইউনিয়ন, গাংনী উপজেলা, মেহেরপুর), নারীনেত্রী রাশিদা বেগম (খর্নিয়া ইউনিয়ন, ডুমুরিয়া উপজেলা, খুলনা), নারীনেত্রী দিবা রাণী বিশ্বাস (দামিহা ইউনিয়ন, তাড়াল উপজেলা, কিশোরগঞ্জ ), নারীনেত্রী কোহিনুর বেগম (ভায়ালক্ষীপুর ইউনিয়ন, চারঘাট উপজেলা, রাজশাহী)।

‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী’ এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রী কাকলী খাতুন (রাইপুর ইউনিয়ন, গাংনী উপজেলা, মেহেরপুর)।
‘নির্যাতনের বিভীষিকা মূছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রীগণ হলেন: নারীনেত্রী শিউলি (জাহাঙ্গীরপুর ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল), নারীনেত্রী আক্তার বানু (কাজীপুর ইউনিয়ন, গাংনী উপজেলা, মেহেরপুর) এবং নারীনেত্রী সুরভী তালুকদার (বটিয়াঘাটা ইউনিয়ন, বটিয়াঘাটা উপজেলা, খুলনা)।

দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে, ‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’। এ বিশ্বাস থেকে ‘বিকশিত নারী নেটওয়ার্ক’এর মাধ্যমে সংগঠিত করে ও প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলে একদল নারীনেত্রী গড়ে তোলা হয়েছে। আত্মপ্রত্যয়ী এ নারীনেত্রীগণ বর্তমানে নারীদের অধিকার প্রতিষ্ঠা, জীবন-জীবিকা ও উন্নয়নের এক নতুন পথের সূচনা করেছেন। তাঁরা তৃণমূলের নারীদের সচেতন ও সংগঠিত করছেন, সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর কাজ করছেন। তাঁরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ স্থানীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সম্মান ও পুরস্কারে ভূষিত হচ্ছেন, জয়িতা পুরস্কার যার মধ্যে অন্যতম।

