ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত

ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদ্যাপন ও শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ০৬ আগস্ট ২০২৪ তারিখে পিএফজি, সুজন, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

০৬ আগস্ট বিকাল ৪.০০টায় দি হাঙ্গার প্রজেক্ট-এর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদারের উপস্থিতিতে রাজধানী ঢাকার আসাদ গেট সংলগ্ন মিরপুর রোডের পাশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে দি হাঙ্গার প্রজেক্ট-এর কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সুজন নেতৃবৃন্দ ও স্বেচ্ছাব্রতীগণ অংশগ্রহণ করেন।

দেশবাসীর উদ্দেশ্যে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘একটি অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর আমাদেরকে আজ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়া ও রাষ্ট্র-সংস্কারের কথা ভাবতে হবে।’

বক্তারা তাঁদের বক্তব্যে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ায় দি হাঙ্গার প্রজেক্ট-এর স্বেচ্ছাব্রতী-সহ সকল দেশবাসীর প্রতি কিছু আহ্বান জানান। আহ্বানগুলো হলো: ১. কারো বিজয় উদ্যাপনের ভাষা যেন সহিংসতা, লুটপাট বা ধ্বংসযজ্ঞ না হয়; কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়; ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করুন ও তাঁদের পাশে দাঁড়ান; প্রাণহানিসহ রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পদ ধ্বংসের যে কোনো উদ্যোগ রুখে দাঁড়ান; মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করুন।