সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে যশোরের কেশবপুর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যদের নিয়ে ‘পিস ফ্যসিলিটেটর বেসিক ট্রেনিং (পিএফবিটি)’ এর আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।
এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় মানিকগঞ্জের কৈট্টায় অবস্থিত প্রশিকা প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২১ এপ্রিল, ২০২৫ তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল কেশবপুর পিএফজি সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও শান্তি সম্প্রীতি রক্ষায় আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করা।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা, এমআইপিএস প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার এবং এমআইপিএস প্রকল্পের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জোবেদ।
প্রশিক্ষণটি প্রসঙ্গে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার বলেন, সহিংসতা কেন হয়, কোন উপায়ে তা প্রশমন করা যায় সে বিষয়ে ভালো ধারণা পেলে পিএফজি সদস্যরা আরও কার্যকরভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন। এ লক্ষ্যেই প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে। পিএফবিটি প্রশিক্ষণে গণতন্ত্র, নেতৃত্ব, নির্বাচন, ঐকমত্য, সংলাপ এ বিষয়গুলোর গুরুত্ব নিয়ে প্রশিক্ষণার্থীদের বিশদ ধারণা দেয়া হয়েছে বলে জানান এরিয়া কোঅর্ডিনেটর রাজু জোবেদ।
প্রশিক্ষণের প্রথম দিনে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলার পিস কোঅর্ডিনেটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মুনছুর আজাদ। প্রশিক্ষণে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়ার্কাস পার্টির নেতা সুপ্রভাত কুমার বসু, কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সিএসও কোয়ালিশনের সভাপতি সুফিয়া পারভীন শিখা এবং কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুলসহ কেশবপুর পিএফজির ২৮ জন প্রতিনিধি।

প্রশিক্ষণ শেষে পিএফজি সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা। তিনদিনের প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের খুলনা অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

