‘সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে ফেনীর ফুলগাজী উপজেলার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পরিচালিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অধীনে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ২০-২২ এপ্রিল ২০২৫, এই তিনদিন সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত, প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

দেশের তরুণ সম্প্রদায় হলো সমাজ পরিবর্তনের চাবিকাঠি। তাই তাদেরকে সংগঠিত করে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন বলে জানান, এমআইপিএস ঢাকা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর মো. রাসেল আহমেদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ওয়াইপিএজি সদস্যরা ফুলগাজী উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলেও জানান তিনি।

তিনদিনের প্রশিক্ষণ সার্বিকভাবে পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ট্রেনিং অফিসার তনুজা কামাল। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন এরিয়া কোঅর্ডিনেটর মো. রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর খোদেজা বেগম । সার্বক্ষণিক সহযোগিতা ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি’র কোঅর্ডিনেটর মো. কবির আহমেদ নাসির।

প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম। সমাপনীতে সেশনে উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির আহ্ববায়ক ফখরুল আলম স্বপন ও জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন মিয়াজি।

সমাপনী সেশনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইয়ুথ লিডাররা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রশিক্ষণের অংশগ্রহণ করে তারা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন তা তারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সর্বোচ্চ প্রয়োগ করবেন। ফুলগাজীকে সহিংসতামুক্ত শাস্তি-সম্প্রীতির এলাকা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইয়ুথ লিডাররা।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।