সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে আঞ্চলিক পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠন করা হয়েছে। ২৫ অক্টোবর, ২০২৫ শনিবার ময়মনসিংহের স্পন্দন প্রশিক্ষণ সহায়তা কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র উদ্যোগে প্যান গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে ঈশ্বরগঞ্জের পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারকে প্যান কোঅর্ডিনেটর এবং কটিয়াদির আশরাফুল হক দাদন ও পাকুন্দিয়ার জাহানারা খাতুনকে কো-কোঅর্ডিনেটর নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক প্যান কমিটি গঠন করা হয়। এছাড়াও নিকলীর সাইফুল ইসলাম এবং ত্রিশালের শরীফ উদ্দিন ফোকাল সদস্য হিসেবে নির্বাচিত হন।
দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এই প্যান নেটওয়ার্ক হবে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার এক প্ল্যাটফর্ম।
প্যান কমিটি গঠনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমএন্ডই, রিসার্চ ও নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ফাতেমা মাহমুদা, এমএন্ডই, রিসার্চ ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার সাইদুল ইসলাম এবং মাঠ সমন্বয়কারী আকতারুজ্জামান। ফাতেমা মাহমুদা বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান; এই ধারণাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই গড়ে উঠবে শান্তিময় বাংলাদেশ।
উপস্থিত অতিথিরা আঞ্চলিক প্যান কমিটির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্যান গঠন বিষয়ক সভায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার নিকলী, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলার ৫ জন কো-অর্ডিনেটর ও ২০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।

