খুলনায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ দেড় শতাধিক মানুষের সম্প্রীতি রক্ষার শপথ

ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্ত বিপথগামী মানুষ নিজ স্বার্থে ধর্মকে পুঁজি করে সমাজে বিভেদ তৈরি করে, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সবারই দায়িত্ব। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে খুলনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তাদের কথায় এসব বিষয় উঠে এসেছে।

সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প ০৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার খুলনার সিএসএস আভা সেন্টারে এ সংলাপের আয়োজন করে। যুক্তরাজ্য সরকারের ফরেইন,কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিও এমআইপিএস প্রকল্পের অর্থায়ন করছে।

বাগেরহাট প্যান সমন্বয়ক এস. কে. এ. হাসিব এর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (ট্রফিক) ও খুলনা জেলা হিন্দু ,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাশ এবং দি হাঙ্গার প্রজেক্ট এর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ সায়েদুল ইসলাম।

সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের মানুষের বসবাস। বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতিগত সম্প্রীতির দেশ। সেজন্য সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গুজবে কান না দিয়ে সত্য তথ্য জানতে হবে। বক্তারা বলেন, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি অসম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে, গড়ে তুলতে হবে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে প্রত্যেক ধর্ম ও সংস্কৃতির মানুষ নিরাপদ থাকবে। সংলাপে অংশগ্রহণকারীগণ ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সবশেষে আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত সকল অংশগ্রহণকারী স্বাক্ষর করেন।

এর আগে জাতীয় সঙ্গীত,পবিত্র কোরাআন তেলাওয়াত,পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদের সঞ্চালনায় সম্প্রীতি সংলাপে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা প্যান এর সমন্বয়ক মোল্ল্যা সাইফুর রহমান। সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান। সংলাপের ঘোষণাপত্র পাঠ করেন সাতক্ষীরা সদর পিএফজি এর সদস্য এ্যাডভোকেট শেলীনা আক্তার শেলী।

সংলাপে খুলনা অঞ্চলের তিনটি জেলার নয়টি উপজেলা বটিয়াঘাটা, রূপসা, ডুমুরিয়া, সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, বাগেরহাট সদর, ফকিরহাট, শরণখোলা ও মংলা উপজেলার পিএফজি এবং ওয়াইপিএজি সদস্য, ইয়ুথ এনডিং হাঙ্গার এর সদস্যসরা ছাড়াও ধর্মীয় নেতা,সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিগণ ও দি হাঙ্গার প্রজেক্ট এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।